চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৭
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে রোগ হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত তিন মাসে জেলায় হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাসপাতালে রোগির উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফলে হামসহ অন্যান্য শিশুরোগ বেড়ে যাওয়ায় চিকিৎসকসহ স্টাফরা হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে হাম রোগে আক্রান্ত হয়ে ৭৭ জন ভর্তি আছে এবং ১৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। লক্ষ্য করা গেছে, রোগীর চাপ বেশি থাকায় অনেক শিশুকে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মাহফুজ রায়হান বলেন, দুই মাস আগে হামের রোগিদের জন্য আমরা আলাদাভাবে ২০ শয্যার আইসোলেশন একটা ওয়ার্ড চালু করেছি। আর ফ্লোরিং মিলে এই হাসপাতালে প্রায় ৭০ থেকে ৮০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, হাম মারাত্মক ছোঁয়াছে রোগ কিন্তু অনেক শিশু টিকা নেয়নি। ফলে নয় মাসের নিচের শিশুগুলো বেশি আক্রান্ত হচ্ছে এবং গত ৩মাসে ৮মাস বয়সী ৪শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে হাম রোগের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৭৭ জন ভর্তি আছে এবং ১৩জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া ২৭জন নতুন রোগি বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি আরও বরেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৯৩জন সন্দেহজনকভাবে হামের চিকিৎসা গ্রহণ করলেও রিপোর্ট অনুযায়ী মাত্র ১৫জন হামপজেটিভ পাওয়া গেছে।
