সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে উপস্থিত প্রবাসী সমর্থকদের জোরালো সমর্থনে উজ্জীবিত ছিল লাল-সবুজের দল, তবে খেলার ধারার বিপরীতে শেষদিকে গোল হজম করে বিরতিতে যেতে হয় হাভিয়ের কাবরেরার শিষ্যদের।
এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ কাবরেরা। গোলপোস্টে মেহেদী হাসান শ্রাবণের জায়গায় ফিরে আসেন নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা। আক্রমণভাগে মিরাজুল ইসলামের বদলে সুযোগ পান শেখ মোরসালিন। তবে আগের ম্যাচের মতো এবারও একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার।
খেলার শুরুতে দুই দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও স্পষ্ট কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। সপ্তম মিনিটে ফাহামিদুল ইসলামের ক্রস ফয়সাল আহমেদ ফাহিমের কাছে পৌঁছানোর আগেই বিপদমুক্ত করে সিঙ্গাপুরের রক্ষণভাগ। ১৫তম মিনিটে সাদউদ্দিনের ক্রস থেকে শোমিত সোমের হেড লক্ষ্যে থাকেনি।
২০তম মিনিটে সিঙ্গাপুরের ইখসান ফান্দির জোরালো শট দারুণভাবে ঠেকান মিতুল মারমা। কিছুক্ষণ পর রিহান স্টুয়ার্টের ক্রসও প্রতিহত করেন তিনি। ২৪তম মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
৩১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে এগিয়ে যায় সিঙ্গাপুর। মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে গ্লেইন কিউইর শট প্রথমে রুখে দেন মিতুল, তবে ফিরতি বলে ইখসান ফান্দির পাস থেকে হ্যারিস স্টুয়ার্ট নিখুঁত শটে জাল খুঁজে নেন।
৩৯তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় বাংলাদেশ। শেখ মোরসালিনের শট ব্লক হওয়ার পর ফাহিমের সামনে বল এলেও তিনি শট নিতে গেলে পড়ে যান। পেনাল্টির আবেদন জানালেও রেফারি সাড়া দেননি। এরপর হামজার ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
গ্রুপ ‘সি’-তে আগেই শীর্ষস্থান নিশ্চিত করে মূল পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ আগেই ছিটকে গেছে বাছাইপর্ব থেকে। এখন দুই দলই শেষ ম্যাচে ভালো ফল দিয়ে অভিযান শেষ করার লক্ষ্যেই খেলছে।
