চার মামলায় জামিন পেলেন ছোট সাজ্জাদ ও তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্না শারমিন জামিন পেয়েছেন। তবে ছোট সাজ্জাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে তাঁর মুক্তির সম্ভাবনা না থাকলেও স্ত্রী তামান্না শারমিনের মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছোট সাজ্জাদের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে, তারমধ্যে ১০টি হত্যা মামলা। সাজ্জাদের স্ত্রী তামান্নার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমে জানান, কারাবন্দি ছোট সাজ্জাদ ও তামান্না চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সংশ্লিষ্ট জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ জানান, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি মামলায় হাইকোর্টের জামিননামা এসেছে। তাঁর স্ত্রী তামান্নার চারটি মামলায় জামিননামা পাওয়া গেছে। বর্তমানে ছোট সাজ্জাদ রাজশাহী কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে রয়েছেন। সংশ্লিষ্ট কাগজপত্র ওই দুই কারাগারে পাঠানো হয়েছে। তবে সাজ্জাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে মুক্তির সম্ভাবনা নেই।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ আগস্ট চান্দগাঁও থানার দোকানকর্মী শহিদুল ইসলাম হত্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর ছোট সাজ্জাদ ও তামান্নাকে জামিন দেন হাইকোর্ট। একই দিনে পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় তাঁদেরসহ তিনজনকে জামিন দেওয়া হয়। এরপর ২২ সেপ্টেম্বর একই বেঞ্চ পাঁচলাইশ থানার দোকানকর্মী মো. ফারুক হত্যা মামলা এবং আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলাতেও তাঁদের জামিন দেন।

চারটি মামলাতেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তবে জামিন আদেশ হলেও তা কার্যকর হতে সময় লেগেছে। হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মো. ইউসুফ আলী ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর সংশ্লিষ্ট আদেশে স্বাক্ষর করেন। প্রায় আড়াই মাস পর ৮ ডিসেম্বর এসব জামিননামা চট্টগ্রাম আদালতে পৌঁছায়।

এর আগে, চলতি বছরের ১৫ মার্চ রাজধানী থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরে ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। তিনি পলাতক সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অনুসারী বলে পরিচিত। ছোট সাজ্জাদ গ্রেফতারের প্রায় দুই মাস পর, ১০ মে চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় করা মামলায় তাঁর স্ত্রী তামান্নাকে গ্রেফতার করে পুলিশ। একাধিক মামলা বিচারাধীন থাকায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights