চালক ছাড়াই ট্রেন চলে গেল ৮৪ কিলোমিটার

অনলাইন ডেস্ক

ঝড়ের গতিতে ছুটে চলেছে একটি মালগাড়ি। তাও আবার চালক ছাড়া। রবিবার সকালে এমনই একটি ঘটনা ঘটেছে ভারতে। দেশটির জম্মু ও কাশ্মীরের কাটুয়া স্টেশন থেকে চালকবিহীন ট্রেনটি গিয়ে থেমেছে পাঞ্জাবের দৌসাঢ় স্টেশনে। ততক্ষণে প্রায় ৮৪ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলে ট্রেনটি।

জানা যায়, জম্মু-কাশ্মীরের কাঠুয়া রেলস্টেশনে মালগাড়িটি দাঁড় করিয়ে চালক নেমে গিয়েছিলেন। ট্রেনের ইঞ্জিন চালু ছিল। চালক ইঞ্জিন ছেড়ে চলে যেতেই ট্রেনটি চলতে শুরু করে। ধীরে ধীরে গতি বাড়তে থাকে। কাঠুয়া স্টেশন ছেড়ে মালগাড়িটি একের পর এক স্টেশন পেরোতে শুরু করে। তখন গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। অন্যদিকে, কাঠুয়া স্টেশনে মালগাড়িটি না দেখতে পেয়েই হুলস্থুল পড়ে যায়। পরবর্তী সব স্টেশনগুলিতে যোগাযোগ শুরু করেন কাঠুয়া স্টেশন কর্তৃপক্ষ।

চালক ছাড়াই একটি মালগাড়ি ছুটে চলেছে, এমন দৃশ্য দেখে লোকজনও স্তম্ভিত হয়ে যান। রেলের শীর্ষকর্তারা কাঠুয়া স্টেশনে ছুটে আসেন। তার পর সমস্ত স্টেশনগুলোর সঙ্গে যোগাযোগ করেন তারা। দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য বেশ কিছু পদক্ষেপের নির্দেশও দেওয়া হয় স্টেশনগুলোকে। চালক ছাড়াই ৮৪ কিলোমিটার ছুটে চলে মালগাড়িটি। অবশেষে গাছের গুঁড়ি, স্লিপার ফেলে মালগাড়িটিকে থামানো হয়।
রেল সূত্রের খবর, রবিবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ একটি মালগাড়ি দাঁড় করানো ছিল। ৫৩টি ওয়াগন ছিল তাতে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, চালক হ্যান্ডব্রেক না লাগিয়েই ইঞ্জিন থেকে নেমে গিয়েছিলেন। ইঞ্জিন চালু ছিল। রেলপথ ঢালু থাকায় মালগাড়িটি গড়াতে শুরু করে। তারপর সেটির গতি বাড়তে বাড়তে ১০০ কিমিতে পৌঁছায়। এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়।

কাঠুয়া স্টেশন সূত্রে খবর, কংক্রিট বোঝাই করা হয়েছিল ওয়াগনগুলোতে। ইঞ্জিন চালু রেখে চালক এবং সহ-চালক চা খেতে গিয়েছিলেন। সেই সময়েই মালগাড়িটি গড়াতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights