চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ পাঁচজন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দলটির পাঁচ নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ওরফে ফিজার (৫৩), আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গিয়াসউদ্দিন (৬০), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. একরামুল আলম (৪০), আব্দুলপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমরান (৪৫) এবং আওয়ামী লীগ সমর্থক মো. জাহিদুল সরকার (৪৮)।

পুলিশ জানায়, গত ৭ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে চিরিরবন্দর থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৩)-এর ৮/৯(১), ৭/১০/১৩ ধারায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তারা। দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একত্র হয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে ওই মামলায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, গ্রেফতার ব্যক্তিদের রবিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights