চীনের দমননীতির নতুন শিকার ম্যাকাওয়ের গণতন্ত্রপন্থী নেতা
অনলাইন ডেস্ক
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ে প্রথম জাতীয় নিরাপত্তা আইনের মামলায় গণতন্ত্রপন্থী সাবেক আইনপ্রণেতা আউ কাম সানকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রুদ্ধদ্বার বিচার শেষে তাকে রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে ম্যাকাওয়ের বাইরের বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
৬৯ বছর বয়সী আউ কাম সান ম্যাকাওয়ের অন্যতম পরিচিত বিরোধী রাজনীতিক। ২০২৫ সালে তাকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালে ম্যাকাওয়ে জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এ আইনে কারও বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হলো। বিশ্লেষকেরা মনে করছেন, ঘটনাটির সঙ্গে হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলন দমনে বেইজিংয়ের কঠোর অবস্থানের মিল রয়েছে।
আদালতের ভাষ্য অনুযায়ী, আউ দীর্ঘদিন ধরে বাইরের ‘শত্রুভাবাপন্ন’ সংগঠনগুলোকে রাজনৈতিক বক্তব্যসংবলিত ছবি ও তথ্য সংগ্রহ, প্রস্তুত এবং প্রচারে সহায়তা করেছেন। এর মাধ্যমে ম্যাকাওয়ের বাসিন্দাদের মধ্যে চীনের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং সংবিধানে স্বীকৃত রাষ্ট্রীয় ব্যবস্থা উৎখাতের চেষ্টা করেছেন তিনি।
গত সেপ্টেম্বরে তার বিচার শুরু হয়। মাত্র তিন দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ হলেও তা অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার কক্ষে। আউয়ের পরিবারের অভিযোগ, গ্রেফতারের পর থেকে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আউয়ের বিরুদ্ধে এই বিচার ম্যাকাওয়ের শান্তিপূর্ণ সমালোচকদের জন্য ভীতিকর বার্তা। সংস্থাটির উপপরিচালক মায়া ওয়াংয়ের মতে, গণতন্ত্রপন্থী কণ্ঠরোধের এ ঘটনা চীনা সরকারের বৃহত্তর দমননীতিরই প্রতিফলন।
আউয়ের পক্ষে কাজ করা সংগঠন জাস্টিস অ্যাব্রডের পরিচালক মাইকেল পোলাক বিচারপ্রক্রিয়াকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন। তিনি পর্তুগাল ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আউকে কারাগারে এক দশকের বেশি সময় কাটানোর পরিবর্তে ম্যাকাও ছাড়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
শিক্ষকতা থেকে রাজনীতিতে আসা আউ প্রায় ২০ বছর আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি পদত্যাগ করেন। ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী আন্দোলন দমনের স্মরণানুষ্ঠান আয়োজনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ডায়াবেটিসে আক্রান্ত আউয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লন্ডনপ্রবাসী তার মেয়ে চেরি আউ।
১৯৯৯ সালে পর্তুগালের কাছ থেকে চীনের কাছে হস্তান্তরের পর ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচালিত হচ্ছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে ভিন্নমত দমনে বেইজিংয়ের প্রভাব বাড়ছে বলে অভিযোগ করছেন সমালোচকেরা। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে
