চীন-রাশিয়ার বাণিজ্যে ব্যবহৃত রেলসেতু উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরান
অনলাইন ডেস্ক
ইরানের উত্তরাঞ্চলে চীন ও রাশিয়ার সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ একটি রেলসেতুতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে গোলেস্তান প্রদেশের ওগতাই খান রেলসেতুতে যুক্তরাষ্ট্র একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় সেতুটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ফার্স নিউজ এজেন্সির দাবি, সেতুটি ইরানের উত্তরাঞ্চলের একটি কৌশলগত রেল করিডরের গুরুত্বপূর্ণ অংশ। এটি তুর্কমেনিস্তানের মাধ্যমে চীন এবং উত্তরমুখী রেলপথের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও পণ্য পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবেও বিবেচিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, সেতুটি ইরানের আন্তর্জাতিক রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ‘চোকপয়েন্ট’ বা সংকীর্ণ কৌশলগত অংশ, যার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহন পরিচালিত হয়।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, রেল চলাচল ব্যাহত হয়েছে কি না বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে আন্তর্জাতিক কোনও স্বাধীন সূত্র থেকেও ফার্স নিউজ এজেন্সির এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সূত্র: আল-জাজিরা
