দক্ষিণ চীনে ভয়াবহ বন্যা: ড্রোন দিয়ে আটকে পড়া ট্রাক চালককে উদ্ধার
অনলাইন ডেস্ক
দক্ষিণ চীনের গুয়াংশি অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টি আর ঢলের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও অসংখ্য ঘরবাড়ি। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। চারদিকে থৈ থৈ পানিতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পানিবন্দি হয়ে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। জীবন বাঁচাতে অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা হয়ে পড়েন।
এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে পানিবন্দি মানুষদের বাঁচাতে দেবদূতের মতো এগিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত সোমবার গুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের ইউনবিয়াও এলাকায় এক অভাবনীয় উদ্ধারকাজ চালান তারা। সেখানে বন্যার তীব্র স্রোতে আটকা পড়েছিলেন এক ট্রাক চালক। পানির তোড়ে তার কাছে পৌঁছানো অসম্ভব হওয়ায় উদ্ধারকর্মীরা ড্রোনের সাহায্য নেন। তারা ড্রোনের মাধ্যমে আটকে পড়া সেই চালকের সঠিক অবস্থান নিশ্চিত করেন এবং তাকে নিরাপদে উদ্ধার করে আনেন। একই উপায়ে আরও অনেক সাধারণ মানুষকেও উদ্ধার করা হয়।
ড্রোনের সাহায্যে এই অভিনব উদ্ধারকাজের একটি ভিডিও প্রকাশ করে স্থানীয় হেংঝৌ রেডিও এবং টেলিভিশন স্টেশন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন তৈরি করে। ফায়ার সার্ভিসের এমন বুদ্ধিদীপ্ত ও সাহসী পদক্ষেপের প্রশংসায় ভাসছেন সবাই। অনেকেই মন্তব্য করছেন, আধুনিক প্রযুক্তির এমন সঠিক ব্যবহার ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একটি দারুণ ‘রোল মডেল’ বা দৃষ্টান্ত হতে পারে।
