চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে টাকা দাবির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার মোকামতলায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের কথা বলে ৫০ হাজার টাকার দাবির অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জাহাঙ্গীর আলম মোকামতলার দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন। অন্য দুই অভিযুক্তরা হলেন-মোকামতলার লক্ষীকোলা গ্রামের জাহেদুল (৩৫) ও মো. গফুর (৬৫)।

জানা যায়, গত ১৪ জুলাই বিকেলে মোকামতলা বন্দরের মাহবুবুর রহমান প্লাজা মার্কেট এলাকা থেকে ব্যবসায়ী রাহাদ ইবনে ইসলামের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় তিনি শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের তদন্ত চলাকালে জাহাঙ্গীর চেয়ারম্যান মোটরসাইকেলটি উদ্ধার করে দেওয়ার আশ্বাস দেন। বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে ৫০ হাজার টাকা দিতে সম্মতি জানালে গত ১৭ জুলাই জাহাঙ্গীর চেয়ারম্যান রাহাদকে গফুর ও জাহেদুলের বাড়িতে নিয়ে যান। সেখানে চেয়ারম্যান তাকে দুই দিনের মধ্যে মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার আশ্বাস দেন।

কিন্তু প্রতিশ্রুত সময় পার হওয়ার পর গত ২০ জুলাই দুপুরে জাহাঙ্গীর চেয়ারম্যানকে মোটরসাইকেলের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি নানা টালবাহানা করেন।

বিষয়টি অস্বীকার করে জাহাঙ্গীর চেয়ারম্যান বলেন, আমি রাহাদ নামে কাউকে চিনি না। এছাড়া আমি মোটরসাইকেল উদ্ধারের কথা বলে কারও কাছ থেকে কোনো টাকা গ্রহণ করিনি। বিভিন্ন মহল আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights