চোট কাটিয়ে অনুশীলনে ইয়ামাল-নিকো উইলিয়ামস
অনলাইন ডেস্ক
বিশ্বকাপে দল মাঠে নামার আগেই বড় স্বস্তির খবর পেলেন স্প্যানিশ সমর্থকরা। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন দলটির আক্রমণভাগের দুই তারকা-লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস।
ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন এই দুই তারকা। তাতে ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচেই এই দুই উইঙ্গারকে দলে পাওয়া যাবে।
এবারের বিশ্বকাপে স্পেনের শক্তির জায়গা তাদের আক্রমণভাগ। তবে মাঠে মাঠে নামার আগে নিকো এবং ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের চোট কোচিং স্টাফদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। অবশেষে সেই চিন্তা কিছুটা কমেছে টিম ম্যানেজমেন্টের।
অনুশীলনে যোগ দিলেও ইয়ামাল এবং নিকোকে নিয়ে সতর্ক অবস্থানে স্পেন। দুই তারকাই থাকছেন ফিজিওদের নিবিড় পর্যবেক্ষণে। মূল একাদশে নামানোর আগে তাদের দুজনের শারীরিক অবস্থা আবার পর্যবেক্ষণ করা হবে বলেও জানা গেছে।
এবারের বিশ্বকাপে ট্রফির অন্যতম দাবিদার ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্প্যানিশরা।
