ফুটবল উন্মাদনায় হলিউডে বেকহ্যাম-টম ক্রুজ

অনলাইন ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের আমেজে এখন উত্তাল পুরো বিশ্ব। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল তারার মেলা। আসরের শুরুর ঠিক আগে হলিউড ওয়াক অফ ফেমে একটি বিশেষ নক্ষত্র যুক্ত হয়েছে, যা পেয়েছেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া এবং তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা টম ক্রুজ। দীর্ঘ ক্যারিয়ারে কঠোর পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজের প্রভাব বিস্তারের জন্য বেকহ্যামের ভূয়সী প্রশংসা করেন টম ক্রুজ।

এই বিরল সম্মান পাওয়ার পর বেকহ্যাম জানান, একজন সাধারণ ইংরেজ ফুটবলার হিসেবে এমন স্বীকৃতি পাওয়াটা তার কাছে স্বপ্নের মতো। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল তারকাবহুল উপস্থিতি। লিওনার্দো ডিক্যাপ্রিও, হ্যালি বেরি, রব লো এবং পপ তারকা কেটি পেরিসহ অসংখ্য তারকাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে দেখা গেছে। মাঠে বিশাল ট্রফিকে ঘিরে শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। জয়ের পর মার্কিন দলকে শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে কানাডাতেও। টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ম্যাচটি ছিল কানাডায় আয়োজিত প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচ। এই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস ও মাইক মায়ার্স। কানাডার উদ্বোধনী ম্যাচে দর্শকদের জন্য গান গেয়েছেন অ্যালানিস মরিসেট।

সূত্র: গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights