চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজারবাইজানের ক্লাব সাবাহ বাকুকে ৪-০ গোলে উড়িয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় নিজেদের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখল মাইকেল ক্যারিকের দল।

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ইউনাইটেড। তবে গোলের জন্য ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। প্যাট্রিক ডগুর ক্রস থেকে নিখুঁত টোকায় দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুইয়া। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার প্রথম গোল।

বিরতির ঠিক আগে তিন মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। ৪২ মিনিটে ইউরি টিলেমান্সের কাটব্যাক থেকে ১০ গজ দূর থেকে গোল করেন ব্রুনো ফের্নান্দস। মৌসুমে এটি তার চতুর্থ গোল।

এরপর দ্রুত পাল্টা আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন বেনিয়ামিন শেশকো। ব্রায়ান এমবুমোর থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান স্লোভেনিয়ার এই স্ট্রাইকার। টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে ইউনাইটেড। ৬৮ মিনিটে ব্রুনো ফের্নান্দসের ফ্রি-কিক থেকে জির্কজির ব্যাকহিলের পর তালগোল পাকিয়ে যায় সাবাহর রক্ষণ। সুযোগ কাজে লাগিয়ে টোকায় বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।

পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় ইউনাইটেড, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে সাবাহ ১১টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights