বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এর সঙ্গে চীনের জ্বালানি আমদানি বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ায়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবারও দাম বেড়েছে ৪ শতাংশের বেশি।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ২৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ২০ ডলারে উঠেছে।

একই সময়ে লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ২৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। সেপ্টেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কাই দাম বৃদ্ধির প্রধান কারণ। তেহরানও সামরিক অবরোধের বিরুদ্ধে অবস্থান থেকে সরে না আসার ইঙ্গিত দিয়েছে।

এরই মধ্যে খার্গ দ্বীপের কাছে একাধিক ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর বড় একটি অংশ এই দ্বীপে অবস্থিত।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির কারণে অঞ্চলটি থেকে তেল সরবরাহ দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কমে গেছে। একই সময়ে এশিয়ার বিভিন্ন দেশ জ্বালানি তেলের আমদানি বাড়ানোয় বাজারে চাহিদার চাপও তৈরি হয়েছে।

ফলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও বাড়তি চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights