ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক

গত দুই বছর ধরে বিশ্বজুড়ে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা এটাকে অন্যতম মূল্যবান সম্পদে পরিণত করেছে। কিন্তু কেমন হবে, যদি এমন মূল্যবান জিনিস আপনি একেবারে বিনামূল্যে পেয়ে যান?

শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন আশায় বুক বেঁধেই হাজার হাজার মানুষ ছুটছেন কেনিয়ার একটি ছোট্ট গ্রামে। গত দুই সপ্তাহে পশ্চিম পোকোট কাউন্টির কানিয়ার্কওয়াত এলাকার চেপোরোর গ্রামে হঠাৎ করেই স্বর্ণের সন্ধানে ভিড় জমিয়েছে প্রায় ১০ হাজার মানুষ। বিবিসি’র এক প্রতিবেদন অনুযায়ী, গ্রামের এক ছাগল খামারি ভুলবশত নদীর পাড়ে স্বর্ণের টুকরো খুঁজে পেলে এই হিড়িক শুরু হয়।

৩৩ বছর বয়সী মানাসে লোমাচার নামের ওই ব্যক্তি জানান, তিনি তার নিখোঁজ ছাগল খুঁজতে গিয়ে নদীর পাড়ে কয়েক জন নারীকে মাটি খুঁড়তে দেখেন। তাদের সঙ্গে যোগ দিয়ে তিনি ৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের টুকরো পান, যা কয়েক সপ্তাহ আগে প্রায় সাড়ে ছাব্বিশ হাজার টাকায় বিক্রি করেন। এই খবর ছড়িয়ে পড়তেই স্বর্ণের খোঁজে পাগলপারা হয়ে ওঠে চারপাশের মানুষ।

যদিও এই খামারির খোঁজই এমন জনস্রোতের একমাত্র কারণ কি না, তা নিশ্চিত নয়। তবে অল্প পরিমাণ সোনাও এসব মানুষের ভাগ্য বদলে দিতে পারে। তাই পরিবারকে সচ্ছল করতে রাতদিন এক করে মাটি খুঁড়ে চলেছেন তারা। এই সুযোগে ওই এলাকায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের প্রায় ২০০টি নতুন দোকানও গড়ে উঠেছে। তবে অতিরিক্ত মানুষের চাপে ছোট গ্রামটির অবকাঠামো, বিশেষ করে পানি ও স্যানিটেশন ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights