জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর হামলার ঘটনার তিন দিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ভর করেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই মামলা দায়ের হবে। এ ব্যাপারে আইনগত কাজগুলো চলমান। তবে পুরো এলাকা এখন স্বাভাবিক।

জানা যায়, গত সোমবার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র‍্যাব-৭-এর সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া এবং আহত হন আরও তিন র‌্যাব সদস্য। ঘটনার পরপরই যৌথ বাহিনী জঙ্গল সলিমপুরে সব প্রবেশমুখে অবস্থান নেয়। ফলে পরিস্থিতি এখন স্বাভাবিক।

প্রসঙ্গত, প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিঙ্ক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল সলিমপুর। এলাকাটিতে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকার দখলকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। টিলা কেটে গড়ে তোলা এ ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে ‘দুর্ভেদ্য সাম্রাজ্যে’। এলাকাটি ঘিরে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চললেও বারবার প্রশাসনের অভিযান হামলার মুখে পড়ছে। ফলে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলে। সর্বশেষ গত সোমবার ঘটে আরেকটি ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights