মুন্সীগঞ্জে বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থী বহিষ্কার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জে বিএনপির দুই হেভিওয়েট নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-৩ আসনের এই দুই নেতাকে নিজ নিজ পদ থেকে অব্যাহতির পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এছাড়া মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকেও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়াকে গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights