জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য : জাহেদ উর রহমান
অনলাইন ডেস্ক
জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ অপরিহার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রবিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স রুমে ইউনেসকো এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংলাপের প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সরকারের নীতিনির্ধারক, সম্পাদক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীরা। আলোচনার মূল প্রতিপাদ্য ছিল ‘জনআস্থা পুনর্গঠন : বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা’।
ডা. জাহেদ উর রহমান জনআস্থা ও গণতান্ত্রিক জবাবদিহিতা জোরদারে গণমাধ্যমের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, তথ্যভিত্তিক জনআলোচনা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ অপরিহার্য।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, পেশাদার সাংবাদিকতা জোরদার, সাংবাদিকদের সুরক্ষা এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন।
