জমি বিরোধে হত্যা; ময়মনসিংহে ৩ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবু। তাঁরা তিনজনই সহোদর ভাই। রিপন মিয়া ওরফে জিবু পলাতক রয়েছেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চরভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নান্দাইল থানায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত ১৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে আসাদুল পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights