জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল চুরি

জয়পুরহাট প্রতিনিধি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাই উপজেলায় শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঠিক কতগুলো মোবাইল ফোন চুরি হয়েছে সেটি সঠিক জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

শনিবার সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে।

অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় প্রায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক এবং আরও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

এতো কঠোর নিরাপত্তার ব্যবস্থা সত্ত্বেও বিপুল দর্শকের উপচে পড়া ভিড়ের সুযোগ নেয় সংঘবদ্ধ চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান চলাকালীন একের পর এক দর্শকের পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন উধাও হতে থাকে। পরে অনুষ্ঠান শেষে প্রায় শতাধিকেরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিজেদের চুরির হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য একাধিক ভুক্তভোগী কালাই থানায় গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান। তবে ছুটির দিন ও অতিরিক্ত ভিড়ের কারণে শনিবার জিডি সম্পন্ন না হলেও রোববার সকালে তারা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, ‘অনুষ্ঠান শেষে একাধিক ভুক্তভোগী সরাসরি থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। তবে আমরা ধারণা করছি চুরি যাওয়া ফোনের সংখ্যা শতাধিকেরও বেশি হতে পারে। এ দিকে এ ঘটনায় অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামের একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights