জয়পুরহাটে নারী উদ্যোক্তাদের মেলা

জয়পুরহাট প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের গ্রুপে পণ্য বেচাকেনা করা উদ্যোক্তাদের আয়োজনে জয়পুরহাটে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব চলছে। হাতের তৈরি হরেক রকম খাবার আর পণ্য সামগ্রী ক্রয়ে ছুটে আসছেন ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা।

শুক্রবার বিকেলে শহরের শহীদ কবি মাহতাব উদ্দিন বিদ্যাপীঠ মাঠে এ মেলা শুরু হয়। নারীদের হাতে তৈরি করা পণ্য এ মেলায় জায়গা পেয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালে জেলার নারীদের সমন্বয়ে জয়পুরহাটে ‘বেচাকেনা উদ্যোক্তা’ ফেসবুক গ্রুপে যাত্রা শুরু করে। গ্রুপটিতে বর্তমান উদ্যোক্তার সংখ্যা ৫৭ হাজার। বাড়িতে বসে বিভিন্ন হাতে তৈরি মুখরোচক খাবার, হস্তশিল্প, কুটির শিল্পসহ বিভিন্ন ডিজাইনের পোশাক ও নানা রকম পণ্য বিক্রি করেন নারীরা। এই মেলায় বেচাকেনা উদ্যোক্তা গ্রুপের সদস্যরা ৪০টি স্টল দিয়েছেন।
মেলায় হাতের তৈরি বিভিন্ন পণ্য ক্রয় করতে আসতে দেখা গেছে ক্রেতা ও দর্শনার্থীদের। এ ধরনের আয়োজনে উদ্যোক্তাদের পথকে আরও সহজ ও প্রসারিত করবে বলে মনে করছেন ক্রেতা-দর্শনার্থীরা।

জানতে চাইলে শারমিন রায়হান নামের এক উদ্যোক্তা বলেন, নারীরা যে পিছিয়ে নেই তা এই মেলার মাধ্যমে আমরা প্রকাশ করছি। আমরা নারীরাও ছেলেদের মতো অনেক কিছুই করতে পারি। আর মেলার মাধ্যমে নারী উদ্যোক্তাদের তৈরি করা পণ্যের প্রসার বাড়বে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

শারমিন সুলতানা নামে মেলায় আগত এক ক্রেতা বলেন, অনলাইনের অনেক কিছু অনেকে বিশ্বাস করতে পারে না। বিশেষ করে পণ্যের মান নিয়ে অনেকে শঙ্কা থাকে। কিন্তু এই মেলার মাধ্যমে উদ্যোক্তরা পণ্যগুলো সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে আমাদের। এতে করে পণ্যের গুণগতমান সম্পর্কে ক্রেতারা অবগত হচ্ছে।

মেলায় অশংগ্রহণকারী নারী উদ্যোক্তা মিম মুশফিকা সুমি বলেন, পণ্য বিক্রি হোক বা না হোক ক্রেতারা সরাসরি আমাদের পণ্যগুলো নিজের হাতে নেড়েচেড়ে দেখে বুঝতে পারছেন আমরা ঘরে বসে কী ধরণের কাজ করছি। মূলত মেলার মূল উদ্দেশ্যই এটি।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আহমেদ মোশারফ নান্নু বলেন, বাজারে অনেক সময় এ ধরনের ইউনিক পণ্যগুলো খুঁজে পাওয়া যায় না। আর মেলাতে এক সঙ্গে অনেকেই প্রতেযোগিতামূলকভাবে এসব পণ্য বিক্রি করছেন। এ ধরনের মেলার মাধ্যমে জেলার নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights