বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মো. শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসারের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
তারা বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৃঙ্খল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।
পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বাংলাদেশ আইন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুল রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের অ্যাডমিন ভবনে যান বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মো. শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।
