জয়পুরহাটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করলেন মাহফুজ খানম
জয়পুরহাট প্রতিনিধি
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহফুজ খানম জয়পুরহাটের দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে তিনি কালাই উপজেলার পুনট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্র দুটির সার্বিক কার্যক্রম, সেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় সেবাগ্রহীতাদের মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
পরে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মাহফুজ খানম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিটি সেবাকেন্দ্রে মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার তাগিদ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেবাকেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং প্রসূতিদের নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মীদের সেবা প্রদানের ক্ষেত্রে আরও আন্তরিক, দায়িত্বশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কামাল হোসেন, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. জাকারিয়া হোসেন, সহকারী পরিচালক (সিসি) ডা. আব্দুল আহাদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে কলসুমা, সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুম, কালাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সাইফুল ইসলামসহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
