জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: পরিবেশ প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলায় প্রধানমন্ত্রী গাছ লাগানোর প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই সবাইকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করছেন। বিশেষ করে শিক্ষার্থীদেরও বলেছেন, জন্মদিনসহ যেকোনো উৎসবে একটি করে গাছ লাগানোর জন্য।’

বুধবার দুপুরে বাগেরহাটের রামপালের ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মানাওয়ার হুসাইন তামিম, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মাদ্রাসাটির অধ্যক্ষ শরীফ মো. আ. কাদির ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী।

প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উপলক্ষে এর আগে মাদ্রাসা চত্বর থেকে র‍্যালি বের হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। এরপর বিকাল থেকে শুরু হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights