জলাবদ্ধহীন শহরের পথে বগুড়া

আবদুর রহমান টুলু, বগুড়া
বগুড়া মহানগরে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সমস্যার স্থায়ী সমাধানে মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে বগুড়া সিটি করপোরেশন। ২৫ বছরের পুরোনো এই জলজট চিরতরে দূর করতে রেলগেট থেকে ফটকি ব্রিজ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ মেগা ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সরাসরি করতোয়া নদীতে গিয়ে মিশবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মহানগরের প্রধান সড়ক, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে বর্ষার সময় পানি জমে থাকার সমস্যা অনেকাংশে দূর হবে।

জানা যায়, বছরের পর বছর ধরে ভারী বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যনগরী বগুড়া। বৃষ্টিতে মহানগরের চেনা রূপ বদলে যায়। অপরিকল্পিত ড্রেনেজব্যবস্থার কারণে সড়ক থেকে অলিগলি সব জায়গায় পানি জমে থাকে। কোথাও কোথাও হাঁটুসমান নোংরা পানিতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে আশার আলো দেখাচ্ছে সিটি করপোরেশনের এই মহাপরিকল্পনা। চিরচেনা পুরোনো এই জলজট চিরতরে দূর করতে শহরের রেলগেট থেকে ফটকি ব্রিজ পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ এক বিশাল মেগা ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড-১৯ (আরইউটিডিপি) নামে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং নগরবাসী সুফল পাবেন। শহরের বাসিন্দাদের অভিযোগ, ড্রেনেজব্যবস্থা ঠিক না থাকায় এ সমস্যা হচ্ছে। অনেক জায়গায় রাস্তার চেয়ে ড্রেন বেশি উঁচু। এই দুর্ভোগের জন্য নগরবাসীও দায়ী। প্লাস্টিক, পলিথিনসহ নানা আবর্জনা যেখানে-সেখানে ড্রেনে ফেলা হচ্ছে। যার কারণে পানি সরতে পারছে না।

বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী জানান, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের পানি দ্রুত নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজব্যবস্থা গড়ে তোলা হবে। এজন্য প্রয়োজনীয় নকশা ও কারিগরি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights