জাজিরার সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের বালতিতে বোমা নিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রবিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানিয়েছেন।

গ্রেপ্তার কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস (৫৪) শরিয়তপুরের জাজিরা উপজেলার মুলাই বেপারীকান্দি এলাকার মৃত গনি বেপারীর ছেলে। সে জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান।

র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বোমা কুদ্দুস ও জলিল মাদবর। নির্বাচনে কুদ্দুস বেপারী নির্বাচিত হয়। নির্বাচনের পর থেকে দুই প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে বিরোধ অব্যাহত থাকে। এ নিয়ে দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়ে হত্যা ও আহত করার ঘটনা ঘটায়।

এরই ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল সকালে প্রথমে বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসিম ইঞ্জিনিয়ারের বাড়ীর সামনে ও পরে মুলাই বেপারীকান্দি গ্রামে ফসলের মাঠে দুই পক্ষ বালতিতে বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনা, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়। এছাড়াও অন্তত ১৫ জন আহত হয়।

এ ঘটনার ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে। এতে দেশবাসীর মনে উৎকণ্ঠা ও শংকা ছড়িয়ে পড়ে। তখন র‌্যাব ছায়া তদন্ত শুরু করে ঢাকার শাহজাহানপুরের মুমিনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাব-৩ এর সহায়তায় পরিচালিত অভিযানে সেখান থেকে কুদ্দুস বেপারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কুদ্দুস বেপারীর বিরুদ্ধে জাজিরা থানায় বিভিন্ন অপরাধের জন্য ১৯ টি এবং ঢাকা মহানগরের বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত জলিল মাদবর বর্তমানে জেলে রয়েছে।

গ্রেপ্তার কুদ্দুস বেপারীকে জাজিরা থানায় হস্তান্তর করা হচ্ছে বলে র‌্যাব অধিনায়ক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights