জাতীয়করণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
অনলাইন ডেস্ক
জাতীয়করণ হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ জাতীয়করণ হয়েছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে মূলত তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে সব অঞ্চলের মাউশি অধিদফতরের পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এ বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন- এমন শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তন করতে হবে।
এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ইনডেক্স কর্তনের প্রক্রিয়াটি এমপিও অনলাইন সফটওয়্যার কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) হার্ডকপিতে আবেদনের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
প্রক্রিয়া মেনে আবেদনের পর এমপিও ইনডেক্স কর্তন হলে এরপরই সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধিত হয়ে পিডিএসভুক্ত হতে পারবেন।
