জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যু দিবস পালিত

অনলাইন ডেস্ক

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুদিবস ও ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত হয়েছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনটি পালন করা হয়।

১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ডা. মোহাম্মদ ইব্রাহিম। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিবছর দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে আসছে।

দিবসটি উপলক্ষে সকালে বনানী কবরস্থানে সমিতির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বাদ আসর বারডেম মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

সকাল ১১টা ৩০ মিনিটে বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় স্মরণসভা। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের কর্মময় জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বারডেম জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ইউনিটের সাবেক সিনিয়র কনসালটেন্ট ও ইউনিট প্রধান অধ্যাপক ডা. মো. আবুল মনসুর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারডেমের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অব.)। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত অনিবার্য কারণে উপস্থিত হতে না পারায় তাঁর পাঠানো লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টা ৩০ মিনিটে বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’। এতে বক্তব্য দেন যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের সি. কনসালটেন্ট হেমাটোলজিস্ট অধ্যাপক আমিন ইসলাম। অনুষ্ঠানে তাঁকে দুই ভরি ওজনের স্বর্ণনির্মিত লোগো সংবলিত ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

এ ছাড়া সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের অংশগ্রহণে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে বারডেম নার্সিং কলেজ ও বারডেম ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বারডেম হাসপাতালের ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বারডেম জেনারেল হাসপাতাল কমপ্লেক্সে ১ সেপ্টেম্বর থেকে ছয় দিনব্যাপী এবং বিআইএইচএস জেনারেল হাসপাতাল ও এনএইচএনের বিভিন্ন কেন্দ্রসংলগ্ন এলাকায় ৬ সেপ্টেম্বর বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ কর্মসূচি পরিচালনা করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যাও প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সমিতির অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights