পেকুয়ায় সাগরে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরে পড়ে নিখোঁজ হওয়া ভোলার যুবক মোহাম্মদ শামীমের (২৫) মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল মগনামা লঞ্চঘাটসংলগ্ন সাগর থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার বিকেল তিনটার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো কুতুবদিয়ায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে বোটে ওঠার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে নিখোঁজ হন শামীম।

শামীম ভোলার মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। প্রায় এক বছর আগে কুতুবদিয়ার করিনা বেগমের সঙ্গে তার বিয়ে হয়।

ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights