‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নকলের স্থান থাকবে না’
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নকলের কোন স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সোমবার সকালে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের (৩৭ থেকে ৩৮তম ব্যাচ) হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।
উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে বিগত সময়ে নকলের পরিবেশের কথা উল্লেখ করে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা নকল করা চলবে না। তিনি আরও বলেন, এ নকল ব্যবস্থার ফলে বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই শিক্ষার মানোন্নয়নের জন্য অবশ্যই নকল প্রতিরোধ করতে হবে। নকলের উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীতি জিরো টলারেন্স।
স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্বে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।
