জাপানে তীব্র তাপপ্রবাহে চিড়িয়াখানায় এক সপ্তাহে তিন সিংহের মৃত্যু

অনলাইন ডেস্ক

জাপানজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে টোকিওর একটি চিড়িয়াখানায় এক সপ্তাহের ব্যবধানে তিনটি সিংহ মারা গেছে। অতিরিক্ত গরমে পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

পশ্চিম টোকিওর তামা জুওলজিক্যাল পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত তিনটি সিংহের বয়স ছিল ৩ থেকে ১৫ বছরের মধ্যে। ময়নাতদন্তে তাদের শরীরে তীব্র পানিশূন্যতা এবং একাধিক অঙ্গ বিকলের প্রমাণ পাওয়া গেছে, যা হিট স্ট্রোক বা অতিরিক্ত তাপমাত্রাজনিত জটিলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মঙ্গলবার চিড়িয়াখানার মুখপাত্র মিওয়া কোসাকা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, “আমরা এই প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হলাম। গত বছরও তাপমাত্রা অনেক বেশি ছিল, কিন্তু তখন কোনও সিংহ এভাবে অসুস্থ হয়নি।”

প্রথমে অসুস্থ, পরে মৃত্যু
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, তিন বছর বয়সী স্ত্রী সিংহ ‘মুগি’ গত ১৯ জুলাই খাবার খাওয়া কমিয়ে দেয়। পরদিন সেটি দাঁড়ানোর শক্তিও হারিয়ে ফেলে। কর্মীরা তাকে ঠান্ডা রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্যালাইন, লিভার টনিক ও ভিটামিন প্রয়োগ করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে ২৮ জুলাই সেটি মারা যায়।

এর তিন দিন পর, ৩১ জুলাই, মারা যায় ১১ বছর বয়সী স্ত্রী সিংহ ‘ইচিগো’। সর্বশেষ গত ২ আগস্ট প্রাণ হারায় ১৫ বছর বয়সী স্ত্রী সিংহ ‘লুয়েনা’।

আরও তিন সিংহ অসুস্থ
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আরও দু’টি পুরুষ ও একটি স্ত্রী সিংহ গুরুতর অসুস্থ। তারা দাঁড়াতে পারছে না এবং তাদের নিবিড় পরিচর্যার পাশাপাশি স্যালাইন, ওষুধ ও ভিটামিন দেওয়া হচ্ছে।

মিওয়া কোসাকার ভাষ্য, অসুস্থ কয়েকটি সিংহের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এছাড়া আরও চারটি সিংহ সুস্থ হওয়ার লক্ষণ দেখাচ্ছে এবং ছয়টি সিংহ শুরু থেকেই সম্পূর্ণ সুস্থ রয়েছে।

সুস্থ ও চিকিৎসাধীন সিংহগুলোকে পোর্টেবল শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং বড় শিল্পকারখানায় ব্যবহৃত ফ্যানযুক্ত বিশেষ শীতল স্থানে রাখা হয়েছে।

কেন এত ঝুঁকিতে সিংহ?
টোকিও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক হিদেয়াকি কারাকি জানিয়েছেন, মানুষের মতো সিংহ ঘামের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তারা দ্রুত শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করে। কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকলে সেই প্রক্রিয়াও কার্যকর থাকে না।

তিনি বলেন, জুলাইয়ের মাঝামাঝি সময়ে হঠাৎ তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রাণীগুলো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পায়নি। এটিও মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

বন্ধ ‘লায়ন বাস’ ও সিংহ প্রদর্শনী
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত তামা জুওলজিক্যাল পার্কে প্রায় ২৬০ প্রজাতির প্রাণী রয়েছে। সিংহ বরাবরই চিড়িয়াখানাটির অন্যতম প্রধান আকর্ষণ। দর্শনার্থীদের জন্য এখানে বিশেষ ‘লায়ন বাস’ সার্ভিস চালু রয়েছে, যার মাধ্যমে সিংহের আবাসস্থল ঘুরে দেখার সুযোগ পান তারা।

তবে সিংহগুলো অসুস্থ হয়ে পড়ায় গত মাসেই সাময়িকভাবে সিংহ প্রদর্শনী এবং লায়ন বাস সার্ভিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তাপপ্রবাহে উদ্বেগ
জাপানে চলতি গ্রীষ্মে তাপপ্রবাহ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিকে ‘চরম তাপপ্রবাহ’ হিসেবে বর্ণনা করছেন আবহাওয়াবিদরা।

সরকারি তথ্যানুযায়ী, চলতি গ্রীষ্মে রিপোর্ট লেখা পর্যন্ত হিট স্ট্রোক ও তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে ৪৩ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশজুড়ে তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে। নাগরিকদের পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং শীতল পরিবেশে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের আনুষ্ঠানিক পোশাকের পরিবর্তে হালকা ও আরামদায়ক পোশাক পরারও আহ্বান জানানো হয়েছে। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights