জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনিয়র শিক্ষার্থী কর্তৃক নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং দেওয়ার অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন-মো. ফজলে হাসান ফাহাদ, আল-আমিন হোসাইন, জাহিদ হাসান, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান খান আকিব, মাহমুদুল আমিন সিয়াম, মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল। তাদের সবাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সবাই পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) কতিপয় শিক্ষার্থী কর্তৃক একই বিভাগের ৫৫তম ব্যাচের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) কয়েকজন নবীন শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগালি, কান ধরিয়ে ওঠবস করানোর মাধ্যমে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) র‍্যাগিং করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৫(ঙ) ধারা অনুসারে ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ/র‍্যাগিং/নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না’ লংঘন করায় উপরোক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে জড়িতদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights