জাবিতে সংঘাতে ২০ জন আহত

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

বুধবার রাত সোয়া ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান ডা. শামসুর রহমান।

এর আগে, বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে পুলিশ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ চলছিল।
সকাল ১০টা থেকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেট, শহীদ মিনার সংলগ্ন সড়কে প্রায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা থেকে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে বিকেল সোয়া ৫টার দিকে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট, ছররা গুলি নিক্ষেপ শুরু করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ, পুরাতন প্রশাসনিক ভবন, ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), নির্মাণাধীন লাইব্রেরি ভবনে আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে শিক্ষার্থীদের এসব ভবন থেকে বের হয়ে দফায় দফায় পুলিশের উপর পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে।

এদিকে, শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ২ শতাধিক বিজিবি মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights