জাবি ছাত্রলীগ সম্পাদকের অব্যাহতির দাবিতে কালো পতাকা মিছিল

জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অব্যাহতির দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের ৭টি হলের নেতাকর্মী।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় মিছিলটি জাবির পরিবহন চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে জাবির রোকেয়া হল, আ ফ ম কামালউদ্দিন হল, আল বেরুনী হল, মীর মশাররফ হোসেন হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, শহীদ রফিক জব্বার হল, শহীদ সালাম বরকত হলের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময়, তারা ‘দফা এক দাবি এক, সন্ত্রাসী লিটনের পদত্যাগ’, ‘হই হই রই লিটন তুই গেলি কই’, ‘লিটনের চামড়া তুলে নিব আমরা’, ‘ওভার রেটেড সম্পাদক মানি না মানবো না’ প্রভৃতি স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে লিখিত বক্তব্যে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নেতা-কর্মীদের সাথে অসদ আচরণের প্রেক্ষিতে আমরা তাকে গত ২৩ই জানুয়ারি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমরা মনে করি সে তার জুলুম, নিপিড়ন, স্বেচ্ছাচারিতার মাধ্যমে দায়িত্বের অবহেলা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কলংকিত করেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং তার পদত্যাগ দাবি করছি।’

এর আগে, গত ২৩ জানুয়ারি ক্যাম্পাসের আশপাশের এলাকায় জমি দখলের অভিযোগসহ ছয়টি অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্যানেলের ছয়টি হলের নেতা-কর্মীরা। এ ঘটনায়, গত ২৭ জানুয়ারি ১০ দিনের সময় বেঁধে দিয়ে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights