জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না : পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি
পার্লামেন্টের বাইরে জামায়াত ও এনসিপির সভা থেকে ম্যাচিউরড-দেশপ্রেম নিয়ে যেসব বিষয় উঠে আসা দরকার, তা আসছে না বলে মন্তব্য করেছেন পানিসম্পমদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, পার্লামেন্টে বক্তব্যটা দায়িত্বশীল আকারে দেওয়া দরকার। সেটা প্রত্যেক সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের প্রয়োজনে এবং জনসাধারণের প্রয়োজনের সেখানে আপনার বক্তব্যটা দিতে হবে। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করেন। ম্যাচিউরড ও দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, খুব একটা আশাবাদী হতে পারছি না।
রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী ফোরামের ব্যানারে এ আয়োজন করা হয়। এ সময় ৭০ জন নতুন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
পানিসম্পদমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনীতি… এরা আমাদেরকে কী দিতে পারবে, কী দিচ্ছে, কী আমরা আশা করতে পারি? এতটুকু বুঝ-জ্ঞান নবীন এবং প্রবীণদের মাঝে বুঝতে বাকি নেই। রাজনীতির সঙ্গে দেশপ্রেম এবং দেশের সঙ্গে, সমাজের সঙ্গে এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আমাদের নিজের কিছু করণীয়, কিছু চিন্তা এবং এটা বাস্তবায়নযোগ্য করে দেওয়াই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখান থেকে আমার সেবার কথা আসবে, সম্মানের কথা আসবে, শ্রদ্ধার কথা আসবে এবং দেশের প্রতি ভালোবাসার কথাও আসবে।
তিনি বলেন, আমরা মনে করছি যুদ্ধ করতে করতে ব্যর্থ হচ্ছি, আর কত নিজেকে বিলিয়ে দেবো? কিন্তু একজন প্রকৃত দেশপ্রেমিক পরাজিত হতে পারেন না, পিছপা হতে পারেন না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ও নবীন আইনজীবী পিছপা হওয়ার সুযোগ নেই।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিক।
এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান প্রমুখ।
