জামালপুরের বকশীগঞ্জে হাতির আক্রমণে একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথপাড়া এলাকায় তার মৃত্যু হয়।

নিহত জয়নাল আবেদীন (৬৫) ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করতে বের হন বাড়ির লোকজন ও স্বজনরা।

পরে গারো পাহাড়ের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে থেতলানো মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে বন্য হাতির আক্রমণে তিনি মারা গেছেন।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights