জামালপুরে ট্রেনে ডাকাতিকালে হত্যা : পাঁচজনের আমৃত্যু কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ট্রেনে ডাকাতিকালে অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের এই রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি।

আদালতের রায়ের সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতিকালে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেন থেকে তাকে ফেলে দেন অভিযুক্তরা।
ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন এএসআই মীর মজনু।

পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আজ পাঁচ জনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হলো।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে জীবন, রাকিব, সোহেল ও শিপন আদালতে উপস্থিত থাকলেও আরেক আসামি রনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল করিম ছোটন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী রফিকুল ইসলাম বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights