জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্রদল অবশ্যই সফল হবে : ছাত্রদল সভাপতি
অনলাইন ডেস্ক
নতুন ধারার ছাত্র রাজনীতি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে ছাত্রদল অবশ্যই সফল হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের সময় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
ছাত্রদল সভাপতি বলেন, শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, ছাত্রদল সামাজিক ও সাংস্কৃতিক বেশ কিছু কর্মসূচি ইতোমধ্যে হাতে নিয়েছে। আমরা বিশ্বাস করি, একটি নতুন ধারার ছাত্ররাজনীতি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নে ছাত্রদল অবশ্যই সফল হবে।
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজে শিক্ষার্থীরা ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা কলেজ শুধু ছাত্রদলের রাজনীতিতে নয়, বাংলাদেশের রাজনীতিতেও অনবদ্য অবদান রয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সারা দেশ উত্তালের সময় ঢাকা কলেজ ছাত্রদল, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব, ঢাকা কলেজের সম্মুখভাগ নীলক্ষেত, সব সড়ক অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে।
ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদল ডেঙ্গু প্রতিরোধে বৃহৎ পরিসরে ভূমিকা পালন করবে। যখন যে ধরনের দুর্যোগ এ দেশে আসে, ছাত্রদল সকল ক্ষেত্রেই সাধ্যের সবটুকু করছে। সারা দেশব্যাপী করোনার সময়েও ছাত্রদল সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে। সেসময় প্রধানমন্ত্রীর অখণ্ড সমর্থন এবং আর্থিক পৃষ্ঠপোষকতা পেয়েছিলাম।
রাকিব আরও বলেন, প্রতি সপ্তাহে শুক্র-শনিবার বন্ধের দিনে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু প্রশাসন এবং পরিচ্ছন্নতা কর্মীদের মূল দায়িত্ব। কিন্তু ছাত্রদল এর স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নিজেরাও সেই কাজে সশরীরে অংশগ্রহণ করার মাধ্যমে একটি বার্তা দিতে চায় যে, এই পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।
