জুলাইয়ের আত্মত্যাগই নতুন পথের দিশা: ডুয়েট উপাচার্য

গাজীপুর প্রতিনিধি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসে এক অনন্য মহাকাব্য। জুলাইয়ের আত্মত্যাগ আর ঐক্যের স্পিরিটই বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও উদ্ভাবনমুখী নতুন বাংলাদেশের পথনির্দেশক।

মঙ্গলবার ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ঐতিহাসিক ও মহাকাব্যিক জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট হৃদয়ে ধারণ করে কাজ করতে পারলে আমরা বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারব।

উপাচার্য জুলাইয়ের স্পিরিটকে বুকে ধারণ করে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনায় ডুয়েটকে বিশ্বমানের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থান কর্নারে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া।

এর আগে দিবসটি উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় উপাচার্য শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবন, শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়াম ও জুলাই গণঅভ্যুত্থান কর্নারের নামফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধানবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights