জেলা প্রশাসকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আখতার-এর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টার দিকে শহরের শহীদ মিনার চত্বরে বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা ও বিভিন্ন উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় তারা অভিযোগ করেন, গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। কিন্তু সেদিন ঘটনাস্থলে দুজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনীর ও বিজিবি সদস্যরা উপস্থিত থেকেও তারা কোনো ধরনের সহযোগিতা করেনি। তাই ওই গণহত্যার সহযোগী হিসেবে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আখতার-এর অপসারণ ও বিচার দাবি করেন উপস্থিত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জেলা প্রশাসক শাহীনা আখতার-এর পদত্যাগ ও অপসারণ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পদস্থ কর্মকর্তা যারা অন্যায়-অত্যাচার ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ও ফ্যাসিস্ট হাসিনার পক্ষে দালালি করেছে তাদের দ্রুত অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছে তাদের অচিরেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে ও অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আনার জোর দাবি জানান।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় এই ডিসি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খুনিদের সহায়তা করছেন। ৪ আগস্টের ঘটনাতেও তিনি ছিলেন নীরব ভূমিকায়। স্মরণকালের ভয়াবহ বন্যার সময়ও ডিসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এসময় শিক্ষার্থীরা ডিসিকে ‘অযোগ্য ও আওয়ামী দলকানা’ আখ্যা দিয়ে দ্রুত তার অপসারণ চান। বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন রেজোয়ানুর রহমান, নাঈম ফরায়েজী, রফিকুল ইসলাম রাতুল, রিদওয়ানুল ইসলাম, আব্দুল্লাহ ওমায়ের অন্তু প্রমুখ।
