ঝড়ের কবলে টিনের চালসহ উড়ে গেলেন যুবক!

অনলাইন ডেস্ক

প্রকৃতির তাণ্ডব কতটা ভয়াবহ হতে পারে, তার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের বেরেলি। বুধবার রাজ্যে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে টিনের চালসহ এক ব্যক্তি শূন্যে উড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় আহত ওই ব্যক্তির নাম নানহে মিয়া। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে বেরেলি জেলার ভামোরা থানা এলাকার বামিয়ানা গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ঝড়ের সময় উড়ে যাওয়া টিনের চালটি দড়ি দিয়ে ধরে রাখার চেষ্টা করছিলেন নানহে। কিন্তু বাতাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে, দড়ি ছিঁড়ে টিনের পাতের সঙ্গেই তিনি প্রায় ৩০ থেকে ৪০ ফুট উপরে উঠে যান। প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়েন তিনি। আহত নানহে সংবাদমাধ্যমকে জানান, তিনি কেবল নিজেকে এবং চালটিকে বাঁচাতে দড়িটি আঁকড়ে ধরেছিলেন কিন্তু বাতাসের শক্তির কাছে হার মানতে হয় তাকে।

ইতিমধ্যেই ওই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তরপ্রদেশ জুড়ে গত বুধবারের দুর্যোগে ভয়াবহ প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ঝড় ও বজ্রপাতে রাজ্যে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। প্রয়াগরাজ, ফতেহপুর ও সোনভদ্রসহ একাধিক জেলা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights