ঝিনাইদহে একক নাটক ‘খুড়িমা’ মঞ্চস্থ
ঝিনাইদহ প্রতিনিধি
দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধন উপলক্ষ্যে ঝিনাইদহে একক নাটক ‘খুড়িমা’ পরিবেশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্ক মিলনায়তনে এ নাটক পরিবেশিত হয়।
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া কথক পারফর্মিং রেপার্টয়্যার প্রয়োজিত মুন্সী প্রেমচন্দ’র বুড়ি কাকী অবলম্বনে নির্মিত নাটক খুড়িমাতে অভিনয় করেন পশ্চিমবঙ্গের নাট্যশিল্পী কৃতি মজুমদার। নাটকে বর্তমান সমাজ ব্যবস্থায় অসহায়দের নির্যাতিত হওয়ার কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। তুলে ধরা হয়েছে সমাজের প্রভাবশালী বিত্তশালীদের অন্যায়-অপরাধ, একজন সত্তোরোর্ধ নারীর জীবন সংগ্রাম। সকল অন্যায়-অপরাধ থেকে বাঁচিয়ে নিজের অবস্থান ধরে রাখা। সৌরভগুপ্তের রচিত ৪৫ মিনিটের এই একক নাটক উপভোগ করে ঝিনাইদহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নাটক শেষে মূল্যায়ন সভায় নাড়িকেলবাড়ীয়া ডিগ্রি কলেজের উপ-অধ্যক্ষ আব্দুস সালাম, অঙ্কুর নাট্য অ্যাকাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, প্রভাষক বাবুল আক্তার লাল্টু, দিপায়ন’র সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন, অঙ্কুর নাট্য একাডেমি আজীবন সদস্য অঞ্জলি রায়, জামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
