টঙ্গীতে ময়লার ভাগাড়ের পাশে মিলল নবজাতকের মরদেহ
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড়ের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আজ শনিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের মিত্তিবাড়ী বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন ময়লার ভাগাড় সংলগ্ন ডোবার মধ্যে নবজাতকটির লাশ পড়ে থাকতে দেখেন।পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই রোকন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
নবজাতকের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
