টঙ্গীবাড়ীতে বারাকা ফাউন্ডেশনের স্বল্পমূল্যের ইফতার বাজার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র রমজান মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজারের আয়োজন করেছে বারাকা ফাউন্ডেশন। এ বাজারে ন্যায্য ও সুলভমূল্যে বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়।
সোমবার উপজেলা শিশুপার্ক মাঠে সকাল ১০টায় বাজারের কার্যক্রম শুরু করেন ফাউন্ডেশনের সদস্যরা।
আয়োজকরা জানান, প্রতিকেজি ছোলা বাজারে বিক্রি হয় ৮০ টাকা সেখানে তারা বিক্রি করেন ৬০ টাকায়। তেমনি ৪০ টাকার পেঁয়াজ ২৫ টাকায়, ৩০০ টাকার খেজুর ২০০ টাকা, ৯০ টাকার মুড়ি ৮০ টাকা, ৯৮ টাকার চিনি ৮০ টাকা ও ১৯৫ টাকা লিটারের সয়াবিন তেল বিক্রি হয় ১৭০ টাকায়।
এতে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
বারাকা ফাউন্ডেশন জানায়, সমাজের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসজুড়ে এমন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন বলেও জানান তারা।
