বিএনপিকে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত নারীর পাশে এমপি মজনু

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণে তালাকপ্রাপ্ত এক আলোচিত নারীর পাশে দাঁড়িয়েছেন ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পরশুরাম উপজেলার ৩ নম্বর চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে ওই ভুক্তভোগী নারীকে দেখতে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মণি, ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাপ রসূল মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর তার স্বামী বাড়ি ছেড়ে চলে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে তালাকনামা পাঠানো হয়েছে বলে ভুক্তভোগী নারী সাংবাদিকদের জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, তার স্বামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক।

ভুক্তভোগী নারীর সঙ্গে সাক্ষাৎ শেষে এমপি মুন্সি রফিকুল আলম মজনু সাংবাদিকদের বলেন, ‘ভোট দেওয়া কোনো অপরাধ নয়, এটি একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোটের কারণে কাউকে সামাজিকভাবে লাঞ্ছিত বা নিগৃহীত করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

স্থানীয়রা জানান, এমপির এমন অবস্থান ভুক্তভোগী নারীকে মানসিক শক্তি জুগিয়েছে এবং এলাকায় একটি ইতিবাচক ও মানবিক বার্তা পৌঁছে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights