‘টস-কাণ্ডে গাঙ্গুলিকে কয়েক ম্যাচ নিষিদ্ধ করতাম’

স্পোর্টস ডেস্ক

২০০১ সালের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় অধ্যায়। সেই সিরিজের ইডেন গার্ডেন টেস্টে সৌরভ গাঙ্গুলি ও স্টিভ ওয়াহকে ঘিরে তৈরি হওয়া একটি ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের আলোচনায় আসে। টসের সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহকে অপেক্ষা করিয়েছিলেন সৌরভ।

সেই ঘটনায় অবশ্য ভারতীয় অধিনায়ককে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি। তবে এবার পুরোনো সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। তাঁর দাবি, ওই ম্যাচে তিনি ম্যাচ রেফারি থাকলে সৌরভকে কয়েকটি ম্যাচের জন্য নিষিদ্ধ করতেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে ২০০১ সালের সেই টস বিতর্ক নিয়ে কথা বলেন শ্রীনাথ। মজার ছলেই তিনি বলেন, ‘আমি যদি ম্যাচ রেফারি হতাম, তা হলে সৌরভকে কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ করতাম।।’

শ্রীনাথের মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে দুই অধিনায়কের সেই ঘটনা। টসের সময় সৌরভের অনুপস্থিতিতে স্টিভ ওয়াকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। ক্রিকেট মহলের একাংশের মতে, ঘটনাটি অস্ট্রেলিয়া শিবিরে মানসিক চাপ তৈরি করেছিল।

তবে পরে সৌরভ জানিয়েছিলেন, বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। নিজের ব্লেজার খুঁজে না পাওয়ায় টসের জায়গায় পৌঁছাতে তাঁর দেরি হয়েছিল।

সেই ইডেন টেস্ট থেকেই শুরু হয়েছিল ভারতের ঐতিহাসিক প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল সৌরভের ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights