টাকার পরিমাণ নিয়ে কথা কাটাকাটির জেরে নারীকে হত্যা করা হয় : আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার একটি হোটেল রুম থেকে বিবি কুলসুম নামে এক নারীকে টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত ফরহাদ হোসেনকে গ্রেফতারের পর আদালতে তিনি এমন স্বীকারোক্তি দিয়েছেন। বৃহস্পতিবার আসামি ফরহাদ হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন ।

সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহনেওয়াজ খালেদ বলেন, চান্দগাঁও থানার বিবি কুলসুম হত্যা মামলার আসামি ফরহাদ হোসেনকে বুধবার সন্ধ্যায় খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারে নগরের বিভিন্ন এলাকায় ও তার বাড়ি ভোলায়ও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছিল। বিবি কুলসুম টাকার বিনিময়ে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ফরহাদের সঙ্গে গিয়েছিলেন।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হোটেল কক্ষে বিবি কুলসুমের সঙ্গে ফরহাদের টাকার পরিমাণ নিয়ে কথা কাটাকাটি হয়। সেখানে একপর্যায়ে ফরহাদ বিবি কুলসুমকে গলা টিপে হত্যা করে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট গুলজার হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ফরহাদ ও বিবি কুলসুম ১ দিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন। পরের দিন চেক আউট না করায় দুপুরে হোটেল কর্মচারী রুমের সামনে গিয়ে দরজা বাইরে থেকে হাতল লাগানো অবস্থায় দেখতে পান। দরজা খুলে বিবি কুলসুমকে ওয়াশ রুমের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় বিবি কুলসুমের পিতা মো. আব্দুল ছত্তার বাদী হয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি জানার পর সিআইডি ছায়াতদন্ত শুরু করে। সিআইডির ক্রাইমসিন টিম ভুক্তভোগী বিবি কুলসুমের পরিচয় শনাক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights