টাকা না দেওয়ায় ট্রেনে হিজড়াদের পাথর নিক্ষেপ!
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর কালনী ট্রেনে পাথর নিক্ষেপ করে জানালায় কাঁচ ভাঙচুর করেছে হিজড়ারা। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়ার অদূরে আজমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালনী ট্রেনে বেশ কয়েকজন হিজরা উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে থাকে। যেসব যাত্রী হিজড়াদের টাকা না দেয়, সেসব যাত্রীদের সঙ্গেই শুরু হয় অশালীন আচরণ। এনিয়ে ট্রেনে হিজরা ও যাত্রীদের মধ্যে বেশ বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে এসে যাত্রাবিরতি দিলে সংঘবদ্ধ হিজরা দল বাকবিতণ্ডা হওয়া ট্রেন যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে
থাকে। ফলে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে যায়। হিজড়াদের এলোপাথাড়ি পাথর নিক্ষেপে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার সততা স্বীকার করে আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, কালনী ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬ টায় আজমপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়। ট্রেনটি যাত্রাবিরতি শেষে ছাড়ার সময় হিজড়ারা পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে গেছে বলে জানা গেছে।
