বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় ঘাতক হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার গড়ঘাটা গ্রামের মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ওৎ পেতে থাকা আসামীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী দেওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়। এ ঘটনার দুদিন পর ওই বছরের ১৪ আগস্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটির দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক ঘাতক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights