টাঙ্গাইলে ইজিবাইকের ভাড়া বাড়ানোর দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের শহরে ইজিবাইকের (অটোরিকশা) ভাড়া বাড়ানোর দাবিতে শ্রমিকরা টাঙ্গাইল পৌরসভা ঘেরাও করেছে। রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা ঘেরাও করে। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। বিশেষ করে বেশি ভোগান্তি পড়তে হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। অটোরিকশা না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যস্থলে যায়।

এ সময় শ্রমিক নেতারা বলেন, আমাদের আর জীবন চলছে না। সব জিনিষের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ইজিবাইকের ভাড়া বৃদ্ধি পাচ্ছে না। তাই আমাদের দাবি আদায়ের লক্ষ্য কর্মসূচি পালন করছি।

টাঙ্গাইল জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন উল্লাস বলেন, আমাদের দাবি আদায়ের লক্ষ্য এই মানববন্ধন কর্মসূচি পালন করছি, মানববন্ধন শেষে পৌরসভা ঘেরাও করছি, যে পর্যন্ত শ্রমিকদের দাবি মানা না হবে সে পর্যন্ত অবস্থান চলবে।
টাঙ্গাইল জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল লতিফ বলেন, টাঙ্গাইলে প্রায় ১০ হাজারের অধিক ইজিবাইক রয়েছে। তাদের দুই শিফটে ভাগ করে দেওয়া হয়েছে যাতে করে শহরে যানজট না হয়। ভাড়া বৃদ্ধির দাবিতে এর আগে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও পৌর সভার মেয়রকে অবগত করেছি। কিন্তু কর্ণপাত করেননি। যার ফলে আজকে পৌরসভা ঘেরাও করেছি।
এ ঘটনায় ইজিবাইকের (অটোরিকশা) ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনদিনের সময় নিয়েছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights