টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন পানিতে ডুবে মারা যান। এছাড়াও আহত হয়ছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গতকাল গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌভ্রমণে আসেন ৩০-৩৫ জনের একটি দল। সন্ধ্যার পর তারা মির্জাপুর থেকে গাজীপুরের উদ্দেশে যাত্রা করে। তবে বংশাই নদীর চাকলেশ্বর-থলপাড়া অতিক্রম করার সময় নদীর ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে নৌকার ওপরে থাকা কয়েকজন জড়িয়ে পড়েন। এতে এক নারীসহ ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে ইটভাটার শ্রমিক রংপুরের বাসিন্দা সাজ্জাত হোসেন ও শেরপুরের পাকুরিয়া গ্রামের খুজাউরা গ্রামের হাসমত মিয়ার ছেলে জিকুল মিয়ার মৃত্যু হয়।

অন্যদিকে দিবাগত রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশের নদীতে মাছ ধরতে গিয়ে ঝুঁলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সুশান্ত রাজবংশী নামে এক জেলে নিখোঁজ হয়। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামে খালে পাটজাগ দিতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রুস্তম আলী নামে এক বৃদ্ধ। পরে ফায়াস সার্ভিসের কর্মীদের সহায়তায় তার মৃতদেহ উদ্ধার করে। পিকনিকের নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধী চারজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের এজিএম আব্দুল হাই।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights